চিতলমারীতে ভাগনে হত্যা মামলায় খালা গ্রেফতার

Location :

Bagerhat

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে নিজ খালা ও মামার লাঠির আঘাতে হোসেন শেখ নামে এক মাস বয়সী এক শিশুকে হত্যার মামলায় পুলিশ খালা ফাতেমা আক্তারকে (৪০) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) হত্যার শিকার শিশুর মা ইয়াছমিন আক্তার চিতলমারী থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

এর আগে শুক্রবার বিকেলে শিশু হোসেন শেখ নিজ বাড়িতে হত্যার শিকার হয়। নিহত হোসেন শেখ মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামের শেখ সাইফুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে ইয়াছমিন আক্তার ও তার স্বামী সাইফুল ইসলামের সাথে ফাতেমা আক্তার ও ইয়াছিন শেখের ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ওই দিন বিকেলে ফাতেমা আক্তার ও ইয়াছিন শেখ হাতে লাঠি নিয়ে ঘরে ঢুকে সাইফুল ইসলামকে মারধর শুরু করেন। এক পর্যায়ে ফাতেমা আক্তার ও ইয়াছিন শেখের লাঠির আঘাতে পিতার পাশে শুয়ে থাকা শিশু হোসেন শেখ গুরুতর আহত হয়। আহত হোসেন শেখকে উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিশুর মা ইয়াছমিন আক্তার তার বোন ফাতেমা আক্তার ও ভাই ইয়াছিন শেখের (২৫) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি ফাতেমা আক্তারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।