ময়মনসিংহে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৬

গত ১৭ মার্চ থেকে ৯ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩২৪ শিশু ভর্তি হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩৯ শিশু এবং নয় শিশুর মৃত্যু হয়েছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহের ম্যাপ
ময়মনসিংহের ম্যাপ |ফাইল ছবি

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৬ শিশু।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মার্চ নেত্রকোনা সদর থেকে আনা তিন মাস বয়সী আদিবা নামে এক শিশুকে হামের লক্ষণ নিয়ে ভর্তি করা হয়। বুধবার সকাল ৮টার দিকে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া, তীব্র অপুষ্টি ও হৃদযন্ত্রের অকার্যকারিতায় শিশুটির মৃত্যু হয়।

অন্যদিকে, গত ১৮ মার্চ ময়মনসিংহের ত্রিশাল থেকে আট মাস বয়সী আরো এক শিশুকে ভর্তি করা হয়। বুধবার সন্দেহভাজন হাম, জন্মগত হৃদরোগ, বৃদ্ধি ব্যর্থতা ও হৃদযন্ত্রের অকার্যকারিতায় সে শিশুটিরও মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে ৯ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩২৪ শিশু ভর্তি হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩৯ শিশু এবং নয় শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২৬ শিশু।

মমেক হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মো: গোলাম মাওলা জানান, হাসপাতালে ভর্তি রোগীদের বয়স তিন মাস থেকে ১০ বছরের মধ্যে। তবে ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুর সংখ্যা বেশি। বর্তমানে তিনটি মেডিক্যাল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।