সিলেটের কানাইঘাট থেকে পর্ণগ্রাফি মামলার আসামি মাছরুর আহমদ সাকিবকে (২৬) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কানাইঘাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাছরুর আহমদ সাকিব কানাইঘাটের কানাইঘাট বাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন উমরপুর বাজার এলাকার এক নারীর নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে পর্ণোগ্রাফি মামলা রয়েছে।
র্যাব জানায়, ভুক্তভোগী নারীর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সাকিবের। সম্পর্ক চলাকালে ভুক্তভোগী তার ব্যক্তিগত ছবি ও ভিডিও তাকে দেয়। পরে তার অন্যত্র বিয়ে হয়ে গেলে সাকিব বিভিন্ন সময় ওই নারীকে হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠিয়ে তার কাছে ফিরে আসার জন্য চাপ দেয়। গত ১২ এপ্রিল রাতে সে ওই নারীকে কল ও ভয়েস মেসেজের মাধ্যমে তার সব ছবি ও ভিডিও ভুক্তভোগীর শ্বশুর বাড়ির লোকজনসহ আত্মীয়-স্বজন এবং বিভিন্ন পর্ণ সাইটে ছড়িয়ে দেয়া হুমকি দেয়। ভুক্তভোগী নারী বিষয়টি তার বাবাকে জানালে তার বাবা বিষয়টি মীমাংসার জন্য সাকিবকে ফোন করে অনুরোধ করেন। এ সময় সাকিব পাঁচ দিনের মধ্যে দুই লাখ টাকা না দিলে ভিডিও প্রকাশ করার হুমকি দেন। পরে ভুক্তভোগী সিলেট জেলার ওসমানীনগর থানায় পর্ণোগ্রাফি আইনে একটি মামলা করেন।
এর প্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে শুক্রবার দিবাগত রাতে কানাইঘাট থেকে আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকে ওসমানীনগর থানায় হস্থান্তর করা হয়েছে।



