বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামিকে যুবদলের ওয়ার্ড কমিটির নেতৃত্বে অন্তর্ভুক্ত করায় ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।
সোমবার (৪ মে) বিকেলে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসাথে ফেনী পৌর যুবদলের সভাপতি একেএম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, অভিযোগের ভিত্তিতে পৌর যুবদলের সদ্য গঠিত ১২টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত এবং পৌর কমিটি স্থগিত করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি এনামুল হক সুজনকে ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক করা হয়। এই বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদন করায় সংশ্লিষ্ট নেতাদের বহিষ্কার করা হয়েছে এবং তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া সাংগঠনিক তদারকিতে ব্যর্থতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ফেনী জেলা যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৪ নম্বর ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক করা হয়। তার বিরুদ্ধে মামলার অভিযোগ ওঠায় ঘোষিত কমিটির আট সদস্যের মধ্যে ছয়জন পদত্যাগ করেন।



