ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে বসতবাড়ির পাশের পুকুরে ডুবে সাফওয়ান নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাফেজ সুলতান আহমদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী হাফেজ মোহাম্মদ সাইফ উদ্দিনের ছোট ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১২টার দিকে শিশু সাফওয়ান ঘরের পেছনে আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাকে ভাসতে দেখে মা দ্রুত উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ জামশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আদরের সন্তানকে হারিয়ে মাসহ স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।



