ফটিকছড়িতে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার​

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়কের পাশ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

Location :

Fatikchhari
ফটিকছড়ি থানা, চট্টগ্রাম
ফটিকছড়ি থানা, চট্টগ্রাম |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়কের পাশ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার বখতপুর ইউনিয়নের চারা বটতল এলাকার নানুপুর-আজাদী বাজার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চারা বটতল এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধারের সময় নিহতের শরীরে কোনো পোশাক ছিল না, কেবল পরনে একটি লুঙ্গি ছিল।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হেফাজতে নেয়। তবে নিহতের কাছে পরিচয় শনাক্তকারী কোনো প্রমাণ না থাকায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় বা কোনো দ্রুতগামী যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার মুখমণ্ডল ও মাথা মারাত্মকভাবে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।’

পুলিশ আরো ধারণা করছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং নিহতের পরিচয় শনাক্তে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।