হাইকোর্টের রায় অনুযায়ী অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা প্রদানের দাবি জানিয়ে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলার অবসরপ্রাপ্ত সকল শিক্ষক-কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা অবসরকালীন সময়ে দুঃখ, কষ্ট ও দুর্দশার মধ্যে রয়েছে। অবসর গ্রহণের তিন-চার বছর পরে অবসর ভাতা ও কল্যাণ ভাতার অর্থ না পেয়ে একজন শিক্ষক কর্মচারীর মৃত্যুবরণের মতো অমানবিক ঘটনাও রয়েছে।
অবসরপ্রাপ্ত শিক্ষকরা বলেন, চাকরিরত অবস্থায় শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ ভাগ টাকা কেটে রাখা হতো। কিন্তু অবসর গ্রহণের পর সেই টাকা গত সাত বছর ধরে দেয়া বন্ধ রয়েছে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। এর থেকে পরিত্রাণের জন্য বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষকরা।
মানববন্ধন শেষে নগরীতে মিছিল করেন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বরিশাল সিটি কলেজে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



