গাংনীতে ইয়াবা ও নগদ অর্থসহ গৃহবধূ আটক, স্বামীকে না ধরায় প্রশ্ন

ওসি বলেন, ‘মাদকদ্রব্য ও নগদ অর্থ ওই নারীর শরীরে পাওয়া যাওয়ায় আইন অনুযায়ী তাকে আটক করা হয়েছে। এখানে সমালোচনার কোনো সুযোগ নেই। একটি পক্ষ পুলিশের অভিযানকে বিতর্কিত করার চেষ্টা করছে।’

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
গাংনী থানা
গাংনী থানা |সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ও নগদ এক লাখ ২০ হাজার টাকা উদ্ধারসহ নাছরিন খাতুন নামের এক নারীকে আটক করা হয়েছে। তবে তার স্বামীকে না ধরায় স্থানীয় রাজনৈতিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

রোববার রাত ১০টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম বেতবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে নাছরিন খাতুনকে আটক করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রের দাবি, নাছরিনের স্বামী জাহাঙ্গীর মোল্লা এলাকায় মাদককারবারি হিসেবে পরিচিত। তাকে প্রথমে আটক করা হলেও পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেয়া হয়।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শিমুল ও এসআই অঙ্কুশ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় নাছরিন খাতুনের তত্ত্বাবধানে থাকা ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়।

তিনি বলেন, ‘মাদকদ্রব্য ও নগদ অর্থ ওই নারীর শরীরে পাওয়া যাওয়ায় আইন অনুযায়ী তাকে আটক করা হয়েছে। এখানে সমালোচনার কোনো সুযোগ নেই। একটি পক্ষ পুলিশের অভিযানকে বিতর্কিত করার চেষ্টা করছে।’

তিনি আরো বলেন, নাছরিনকে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আজ সোমবার সকাল ১০টার দিকে তাকে আদালতে নেয়া হতে পারে বলেও জানান তিনি।