নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কৃতী শিক্ষার্থীদের অংশ গ্রহণে মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি রিসার্চ সেল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার বক্তব্যে বলেন, ‘আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীদের এ ফলাফল অর্জনের পেছনে অনেক ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়ের গল্প লুকিয়ে আছে। এ আয়োজনের মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল উদযাপন নয়; বরং এ সফলতার স্বীকৃতি প্রদান। কৃতী শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের ব্যক্তিগত নয়, গোটা বিশ্ববিদ্যালয় পরিবারের। শিক্ষার্থীদের সফলতার পেছনে শিক্ষক ও পরিবারের সদস্যদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। কৃতী শিক্ষার্থীরা নোবিপ্রবি পরিবারের গৌরব। তোমাদের মেধা শুধু নিজেদের জন্য নয়, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ। নিজেকে এমনভাবে গড়ে তোলো, যেন তোমার অর্জনে পরিবার, বিশ্ববিদ্যালয় ও দেশ গর্ববোধ করে।’
ভিসি আরো বলেন, তোমরাও যেনো নোবিপ্রবিকে নিয়ে গর্ব করতে পারো, আমরা এ বিশ্ববিদ্যালয়কে সেখানেই নিয়ে যেতে চাই। গবেষণা, প্রকাশনা, আন্তর্জাতিক র্যাঙ্কিং, অবকাঠামো উন্নয়ন, সব সূচকেই আমরা ভালো করছি। গবেষণায় গুরুত্ব দেয়ায় এর ফল দেখা যাচ্ছে প্রকাশনার চিত্রে। সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশনার ধারাবাহিক ঊর্ধ্বগতি লক্ষণীয়।
চলতি বছর ২০২৬ সালে ইতোমধ্যে ২০০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা বছরের শেষে আরো বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। টিএইচই প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ২০২৬-এ নোবিপ্রবি ৬০১ থেকে ৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে গতি আনার চেষ্টা করেছি, এখন সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছি। নোবিপ্রবিকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, গবেষণাগার আধুনিকীকরণ শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তির সুবিধা বৃদ্ধি এবং শিল্প-অ্যাকাডেমিয়া সংযোগ জোরদারে কাজ চলছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাবান্ধব ও শিক্ষার্থী কেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপান্তকরার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যে নোবিপ্রবিতে গবেষণা কার্যক্রম বৃদ্ধি, স্মার্ট ক্লাসরুম স্থাপন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, নতুন নতুন আন্তর্জাতিক সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্য ভিসি বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের নাম নয়, মানবিকতা ও দায়িত্ববোধের আলোয় নিজেকে আলোকিত করার নাম। তোমরা আজকের কৃতী গ্র্যাজুয়েটরাই আগামী দিনের পরিবর্তনের অগ্রদূত। তোমাদের শিক্ষা যেনো শুধু কর্মজীবনে নয়, মানবকল্যাণেও ভূমিকা রাখে, সেটাই আমাদের প্রত্যাশা।
নোবিপ্রবি প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা একসময় অনেক ভালো অবস্থানে পৌঁছাবে। যেখানেই থাকো নিজের প্রতিষ্ঠানকে ভুলে যাবে না। দেশের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে। তোমরা অনেকেই জীবনে সাফল্য অর্জন করবে। সাফল্যের সাথে সাথে তোমাদের জীবন যেনো সার্থকও হয় এই কামনা করি।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন, ‘শুরুতেই আমাদের মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন, যারা মেধাবী হিসেবে ইতোমধ্যে নিজেদের নাম লেখাতে পেরেছে। আমরা যারা এখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রয়েছি তাদের মূলত একটিই লক্ষ্য, তা হলো কিভাবে একজন শিক্ষার্থীকে মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে তোলা যায়। এছাড়াও ভৌত-অবকাঠামো ক্ষেত্রে কিভাবে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নেয়া যায়, সে চেষ্টা আমরা করে যাচ্ছি। ভবিষ্যতেও তোমাদের এ সাফল্যের ধারা অব্যাহত থাকুক এ প্রত্যাশা করছি।’
অনুষ্ঠানের আহ্বায়ক ও রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক জনাব মো: হারুনুর রশিদ আজাদ, নোবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড.আসাদুন নবী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান সিদ্দিকী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনিরুল ইসলাম, নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আবু জাফর মোহাম্মদ হারুন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রিসার্চ সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. নাজিয়া মাজেদী ও কৃতী শিক্ষার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া ও সংস্কারের পর নতুন সাজে সজ্জিত নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম আধুনিকীকরণের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।



