নোয়াখালীতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বৃহস্পতিবার রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন খোকন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
যুবকের লাশ উদ্ধার
যুবকের লাশ উদ্ধার |ফাইল ছবি

নোয়াখালীতে নিখোঁজের তিনদিন পর মো: খোকন (৩২) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) রাতে উপজেলার চাটখিল পৌরসভা থেকে লাশটি উদ্ধার করা হয়।

খোকন উপজেলার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো: ফারুক হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন খোকন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে শনিবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার।

রোববার রাতে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘লাশটি পোড়ানো মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পেলে কিছু বলা যাচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Topics