ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুইটি স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ও আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে পৃথক এ দুর্ঘটনা দু’টি ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের শ্রীনগর ফেরীঘাট যাত্রীছাউনি এলাকায় রাস্তা পারাপারের সময় এক পথচারীকে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
অন্যদিকে মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে রাস্তা মেরামতের লেবার ও মালামাল নিয়ে শ্রীনগর রেলওভার ব্রিজের পাশে মাওয়ামুখী সার্ভিস সড়ক দিয়ে একটি পিক আপ চালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সার্ভিস সড়কে পিকআপটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আহত হন পিকআপে থাকা পাঁচ শ্রমিক। তাৎক্ষণিকভাবে শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
আহতরা হলেন আনিচুর রহমান (৪২), রবি মন্ডল (৪৪), ধনঞ্জয় মন্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। অধিকাংশের বাড়ি জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ নয়া দিগন্তকে জানান, ফেরীঘাট এলাকার দুর্ঘটনায় নিহত ওই পথচারীর নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে।



