দফতর সংস্থার প্রধানদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সভায় বক্তারা সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে আরও সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও শান্তির শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Location :

Rajshahi
রাজশাহীতে বিভিন্ন দফতর সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে বিভিন্ন দফতর সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন |নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দফতর সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভায় বক্তারা সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে আরও সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও শান্তির শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক। পরে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পক্ষে উপ-পরিচালক ডা. মো. হাসানুল হাছিব। সভায় পাওয়ার পয়েন্টে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আস্থা ও বিশ্বাস রেখে তাকে রাজশাহী মহানগরীর সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দিয়েছেন। তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে এবং রাজশাহীকে নতুনভাবে সাজানো হবে।

তিনি আরো বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও তিলোত্তমা শহর হিসেবে গড়ে তুলতে চান। এ কাজে সংশ্লিষ্ট সকল দফতরের সহযোগিতা কামনা করেন তিনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান বলেন, নগরীর সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে রাজশাহীকে এগিয়ে নিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি মাদক নিয়ন্ত্রণ, ডিজিটাল নিরাপদ শহর গঠন, সিসি ক্যামেরা স্থাপন ও যানজট নিরসনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম বলেন, নগর উন্নয়নে আরডিএ রাজশাহী সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। পদ্মা নদী ঘিরে পদ্মা ড্রাইভওয়ে নির্মাণ, আবাসন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান তিনি।

সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন, বৈদ্যুতিক ক্যাবল ও ড্রেনের স্লাব চুরি রোধ, সিসি ক্যামেরা স্থাপন, শিরোইল এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, বাস টার্মিনাল নওদাপাড়ায় স্থানান্তর, আরডিএ মার্কেটের উন্নয়ন এবং স্থায়ী ওয়ার্ড কার্যালয়ের জন্য জমি প্রদানের বিষয়েও আলোচনা হয়।

রাসিকের সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা।