নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত নির্মল আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বাসিন্দা ও বিপেন হালদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে নির্মলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহতের ভাগিনা দিলীপ হালদার জানান, মঙ্গলবার সকালে খবর আসে পানাউল্লাহপুর গ্রামের একটি বাড়ির পাশে একটি লাশ পড়ে রয়েছে। পরে সেখানে গিয়ে তারা নির্মলের লাশ শনাক্ত করেন।
তিনি বলেন, ‘মামার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। তিনি গলায় চেইনের সাথে প্রায় দেড় ভরির দুটি স্বর্ণের লকেট পরতেন। এছাড়া তার কাছে সবসময় কিছু নগদ টাকাও থাকত।’
প্রতিবেশী সমিরণ রায় জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নির্মল স্থানীয় কুড়িয়ানা বাজারে যান। রাত ৮টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে রাতেই থানায় জিডি করা হয়।
তিনি বলেন, ‘নির্মল এলাকায় ওঝা নামে পরিচিত ছিলেন। মানুষের বিপদ-আপদে তিনি আর্থিক সহায়তা করতেন।’
এ দিকে নেছারাবাদ থানার ওসি (তদন্ত) জানান, নিহতের গলায় কোনো স্বর্ণের লকেট পাওয়া যায়নি। এছাড়া তার কাছে মোবাইল ফোন কিংবা টাকা-পয়সাও ছিল না। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি।



