মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোবেদা বেগম (৬০) আউলিয়ারচর এলাকার সুলতান সরদারের স্ত্রী এবং মরহুম হাশেম হাওলাদারের মেয়ে। আটক সুলতান সরদার একই এলাকার মরহুম হাবিব সরদারের ছেলে।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্বামী সুলতান সরদারের। এরই সূত্র ধরে শনিবার রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা (সদর সার্কেল) বলেন, ‘জোবেদা ও সুলতান দম্পতি নিঃসন্তান। এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই সূত্র ধরে ঘুমিয়ে থাকা গৃহবধূ জোবেদাকে কুপিয়ে হত্যা করে সুলতান।’
তিনি আরো বলেন, ‘খবর পেয়ে কালকিনি থানাধীন খায়েরহাট তদন্তকেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’



