সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের খানপাড়ায় একটি বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ অভিযানে সম্ভাব্য নাশকতার বড় ধরনের ঝুঁকি নস্যাৎ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে শুরু করে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ওই এলাকার এক্সটিন সার্ভিস লিমিটেড নামের এক প্রতিষ্ঠানের প্রায় ৩০০ গজ উত্তরে অভিযান পরিচালনা করা হয়। মানিকগঞ্জ সেনা ক্যাম্পের ১১ ইবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরামের নেতৃত্বে সেনাসদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
সিংগাইর থানা পুলিশ জানায়, অভিযানকালে দুটি আইইডি বোমা, ১১টি ককটেল, দুটি হাতবোমা, দুটি লোহার চাপাতি, একটি কাঠের বাটযুক্ত ছুরি এবং দুটি চেইন উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌছে পার্শ্ববর্তী খোলা মাঠে হাতবোমা ও ককটেলগুলো নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। যে কারণে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।



