সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান দায়িত্ব গ্রহণের পর জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা ও বস্তুনিষ্ঠ পরামর্শ কামনা করে তিনি বলেন, সুনামগঞ্জের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তার প্রশাসনের প্রধান লক্ষ।
হাওর অঞ্চলের বাঁধ নির্মাণে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে এবং টেকসই বাঁধ নির্মাণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি বরাদ্দের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাংবাদিকদের তদারকি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন।
জেলা প্রশাসক আরো বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রশাসন সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সভায় অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সুনামগঞ্জের ডাক এর সম্পাদক প্রকাশক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ (অব:অধ্যক্ষ), দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি রওনক বখত্, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, দৈনিক হাওরাঞ্চলের কথা সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সেলিম আহমদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, মাসুম হেলাল, মো: মিজানুর রহমান, মাহবুবুর রহমান পীর, শাহজাহান চৌধুরী, এ আর জুয়েল, দেওয়ান গিয়াস চৌধুরী, বাসস এর জেলা প্রতিনিধি মো: আমিনুল হক, হিমাদ্র শেখর ভদ্র, জসিম উদ্দিন, শহিদনুর আহমেদ প্রমুখ।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন এবং জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।



