দিনাজপুরের কাহারোলে খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আগামীকাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন শুরু হবে।
সোমবার (১৬ মার্চ) উপজেলার বলরামপুর সাহাপাড়ায় এ কর্মসূচি উদ্বোধন করা হবে। খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে দিনাজপুরের শেখ ফরিদপুর গোরস্থানে নানা-নানির কবর জিয়ারত করে সার্কিট হাউজ মাঠে ইফতার করবেন তিনি।
এদিকে, তারেক রহমানের আগমনে দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতি।
দিনাজপুর সফর নিয়ে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত দিনাজপুর। শহরের বালুবাড়ীতে তার মা আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মভূমি। এই মাটিতে কেটেছে প্রধানমন্ত্রীর কৈশোর, শৈশব। নানা ইসকেন্দার মজুমদার ও নানি বেগম তৈয়বা মজুমদার এবং বড় খালা সাবেক মন্ত্রী মরহুমা বেগম খুরশীদ জাহান হক ফরিদপুর কবরস্থানে শায়িত আছেন।’
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।



