রাজশাহীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীতে বাস চলাচল বন্ধ
রাজশাহীতে বাস চলাচল বন্ধ |নয়া দিগন্ত

দাবি আদায়ে রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে তারা বাস বন্ধ রেখে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।

এদিকে, বাস চলাচল বন্ধের কারণে রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ থাকলেও সেখানে বহু যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ঢাকাগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘টার্মিনালে এসে জানতে পারছি বাস চলাচল বন্ধ। আগে থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি। তিনি অভিযোগ করেন, মাঝেমধ্যেই শ্রমিকদের এমন কর্মসূচির কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’

শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।

রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ অবস্থায় শ্রমিকদের একটি অংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তুলেছে। রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতির দায়িত্বেও আছেন।

এ বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পাখি গণমাধ্যমকে বলেন, কারা বাস বন্ধ করেছে, সেটি তিনি জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, শ্রমিকরা নতুন কমিটি প্রত্যাখ্যান করে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি। তবে বিকেলে ডিসি অফিসে আলোচনা হতে পারে বলে জানান তিনি।

Topics