মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা। এ সময় ধর্ষক ও খুনিদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার বিকেল ৪টায় সিরাজদিখান উপজেলা মোড়ে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: কবির হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজী। মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রামিসা হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস বলেন, বহু ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ দেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানদের নিরাপত্তাহীনতার মধ্যে রেখে কোনো সভ্য সমাজ চলতে পারে না।
তিনি সরকারের উদ্দেশে বলেন, আপনারা যেভাবেই ক্ষমতায় আসুন না কেন, আমরা চাই না দ্রুত আপনাদের পতন হোক। আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন এবং খুনি-ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনুন। বিচার বিলম্বিত হলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে জেলা আমিরের নেতৃত্বে নেতাকর্মীরা সিরাজদিখানের মোল্লাবাড়িতে গিয়ে রামিসার কবর জিয়ারত করেন।
এ সময় জেলা কর্মপরিষদ সদস্য খিদির আব্দুস সালাম, আহসানুল্লাহ মন্ডল, ডা. ইব্রাহিম দেওয়ান, হেমায়েত উদ্দিন আহমেদ, সদর উপজেলা আমির মোহাম্মদ নুরুল আমিন সিকদার, শ্রীনগর উপজেলা ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নুরুজ্জামান, এনসিপি নেতা মারুফ হোসেন মুকুট ও সিরাজদিখান উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ওয়াসিম মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



