সিলেটের দুটি বেসরকারি হাসপাতালের মালিককে জরিমানা

বুধবার (৮ এপ্রিল) বিকেলে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet

মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ব্যবহার, লাইসেন্স নবায়ন না করা-সহ নানা অনিয়মের অভিযোগে সিলেট নগরীর আয়েশা মেডিকেয়ার ও শাহজালাল হসপিটালকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসন জানায়, আয়েশা মেডিকেয়ারের অপারেশন থিয়েটারে (ওটি) মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী পাওয়া যায় এবং ২০১৯ সালের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন করা হয়নি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, শিক্ষার্থীদের দিয়ে নার্সের দায়িত্ব পালন করানো এবং অপারেশনের আগে যথাযথভাবে অ্যানেসথেসিয়া না দেওয়ার অভিযোগে শাহজালাল হসপিটালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব বলেন, আয়েশা মেডিকেয়ারের লাইসেন্স নবায়ন না থাকার পাশাপাশি অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী পাওয়া গেছে। ২০১৯ সালের পর থেকে প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন করা হয়নি। এসব অপরাধে তাদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, শাহজালাল হসপিটাল লাইসেন্স নবায়নের জন্য আবেদন করলেও সেখানে শিক্ষার্থীদের দিয়ে নার্সের কাজ করানো হচ্ছে, যা বেআইনি। এছাড়া অপারেশনের পূর্বে যথাযথভাবে অ্যানেসথেসিয়া দেয়া হচ্ছিল না। এসব অনিয়ম বিবেচনায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।