গাজীপুরে একদিনেই হাম উপসর্গে ২ শিশুর প্রাণহানি, চিকিৎসাধীন ৪৭

‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ভর্তি হয়েছে, যার মধ্যে ১৭ জন শিশু ও চারজন প্রাপ্তবয়স্ক। একই সময়ে ১৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ৪৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু
গাজীপুরে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু |ফাইল ছবি

গাজীপুরে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে আরো ২১ জন। পরিস্থিতি নিয়ে অভিভাবকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা।

সোমবার (৪ মে) সকালে হাসপাতালের পরিচালক ডা: মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া দুই শিশু হলো— গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রায়হান (৯ মাস) ও শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার পাঁচ মাস বয়সী ছেলে সিফাত।

হাসপাতাল সূত্র জানায়, কয়েকদিন আগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

স্বজনদের দাবি, হামের টিকা নেয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়ে এবং পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক ডা: মো: আমিনুল ইসলাম বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে আজ (সোমবার) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ৫১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ সময়ে মৃত্যুর সংখ্যা দু’জন।’

তিনি আরো বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ভর্তি হয়েছে, যার মধ্যে ১৭ জন শিশু ও চারজন প্রাপ্তবয়স্ক। একই সময়ে ১৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ৪৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

ডা: আমিনুল ইসলাম আরো বলেন, ‘মারা যাওয়া দুই শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছিল। তাদের মৃত্যুর প্রকৃত কারণ পর্যালোচনা করা হচ্ছে।’

দুই শিশুর মৃত্যুতে পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। একইসাথে হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।