পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে ৩ দিন দর্শনা ইমিগ্রেশন বন্ধ : যাত্রীদের দুর্ভোগ

তবে, এ সময় ভারতে অবস্থানকারী বাংলাদেশী বা অন্য যেকোনো দেশের নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

Location :

Chuadanga
দর্শনা ইমিগ্রেশনে আটকা পড়েছেন ভারতগামী অনেক যাত্রী
দর্শনা ইমিগ্রেশনে আটকা পড়েছেন ভারতগামী অনেক যাত্রী |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কারণে তিন দিন চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীদের বহির্গমন বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্বঘোষণা ছাড়া আকস্মিক বহির্গমন বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা বহু ভারতগামী যাত্রী।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে ভারতের গেদে ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে দর্শনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৯টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা তিন দিন ভারমুখী যাত্রী প্রবেশ বন্ধ থাকবে। তবে, এ সময় ভারতে অবস্থানকারী বাংলাদেশী বা অন্য যেকোনো দেশের নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে। একই সময় রেলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালু থাকবে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ তুহিন আলী নয়া দিগন্তকে জানান, রোববার সন্ধ্যায় এ ধরনের একটি সংবাদ গেদে ইমিগ্রেশন আমাদের জানালেও রাতে আবার তা প্রত্যাহার করে নেয়। সে অনুযায়ী সকালে আমরা পাসপোর্টধারী প্যাসেঞ্জার পাঠাই এবং গেদে ইমিগ্রেশন সেটা রিসিভ করে। পরে সকাল ৯টার দিকে সেই দেশের আদালতের নির্দেশে আমাদেরকে পাসপোর্টধারী প্যাসেঞ্জার পাঠাতে নিষেধ করা হয়। এমনকি এ সময়, পথে থাকা যাত্রীদেরকেও সে দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) প্রবেশ করতে বাধা দেয় এবং তাদের ফেরত পাঠায়।

অন্যদিকে, দর্শনা রেলবন্দরের স্টেশন ম্যানেজার মীর্জা কামরুল হাসান জানান, রেলবন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে, বন্ধ করার কোনো ঘোষণা আমরা এখনো পাইনি।

এদিকে, এ চেকপোস্ট দিয়ে আকস্মিক ভারতে প্রবেশ বন্ধ হওয়ায় যাত্রীরা বিপাকে পড়ে। তারা জানায়, আগে থেকেই বিষয়টি জানতে পারলে তারা দূরদূরান্ত থেকে এখানে আসতেন না।