চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে শহিদুল ইসলাম (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
মৃত শহিদুল ইসলাম একই গ্রামের মসলেম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজের পাটক্ষেতে সার দিতে যান শহিদুল ইসলাম। প্রতিদিনের মতো কৃষিকাজে ব্যস্ত ছিলেন তিনি। সন্ধ্যার কিছুক্ষণ আগে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠেই বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন তিনি। কিছুক্ষন পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান জানান, বাড়ির পাশের হুগলার মাঠে ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে শহিদুল ইসলামের মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।



