চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই ছিলেন।
আজ রোববার সকাল পৌনে ৬টার দিকে নাচোল উপজেলার বেনিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার আটরশিয়ার ইউনিয়নের বালুটুংগী গ্রামের মোজ্জাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান (২৭) এবং নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে সোহাগ হোসেন (১৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ও সোহাগ আজ সকাল পৌনে ৬টার দিকে মোটরসাইকেলে নাচোল থেকে ধানসুড়ার উদ্দেশে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছালে ধানসুড়ার দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছে ট্রাকটি জব্দ করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।



