নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা শুরু করেছে। আজকে সংবিধানের দোহাই দিয়ে এটাকে তারা পাশ কাটিয়ে চলতে চায়। দেশের ছাত্র-জনতা আন্দোলন করে, সংগ্রাম করে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়েছে আর সেই বাংলাদেশের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় এসে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। যারা ৭০ ভাগ মানুষের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয় তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা দু’টি শপথ নিয়ে জুলাই সনদকে সমর্থন করলেও বিএনপির সংসদ সদস্যরা একটি শপথ নিয়ে সংবিধানের দোহাই দিয়ে এটিকে পাশ কাটিয়ে চলার চেষ্টা করছেন।
তিনি আরো বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আবারো রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে গণভোটের রায় কার্যকর এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে ১১ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, এনসিপির জেলা সমন্বয়ক ডা: কামরুজ্জামান ইসলাম দর্পণ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী প্রমুখ। এর আগে বিক্ষোভ একটি মিছিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



