ফেনীতে যুবদলের কমিটিতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামি নিয়ে বিতর্ক

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণ করায় ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি এনামুল হক সুজন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি এনামুল হক সুজন |নয়া দিগন্ত

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামিকে যুবদলের নতুন কমিটির নেতৃত্বে অন্তর্ভুক্ত করায় ফেনীতে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত এবং ঘোষিত ১২টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।

রোববার দুপুরে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণ করায় ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ফেনী পৌর যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত থাকবে এবং ৩০ এপ্রিল ঘোষিত ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।

এছাড়া, বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদন করায় ফেনী পৌর যুবদলের সভাপতি একেএম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আট সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক করা হয়।

জানা গেছে, ২০১৭ সালে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের তালিকায় সুজনের নাম রয়েছে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ঘোষিত কমিটির আট সদস্যের মধ্যে ছয়জন পদত্যাগ করেছেন। গত শনিবার রাতে তারা পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি গাজী আবদুল কাদের নয়ন, সহ-সভাপতি মো: সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল এবং দফতর সম্পাদক ডালিম মজুমদার।