সিলেট নগরীতে বিস্কুটের কার্টুন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঠানটুলার পল্লবী আবাসিক এলাকার সি ব্লকের করেরপাড়া সড়কের ড্রেনের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রাস্তার পাশে ড্রেনের ওপর একটি কার্টুন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহের বসে কার্টুনটি খুলে দেখেন তারা। এ সময় কার্টুনের ভেতরে কালো পলিথিন দিয়ে মোড়ানো মৃত নবজাতকের লাশ দেখতে পান তারা।
বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার এসআই মো: আজহারুল ইসলাম বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে এক নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
তিনি আরো বলেন, ‘নবজাতকের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি মায়ের গর্ভে চার থেকে পাঁচ মাস বয়সী ছিল। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’



