মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

গতকালও তার সাথে কথা হয়েছে। এক আত্মীয়ের মৃত্যুতে আমাদের বাড়িতে আসাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

Location :

Madarganj
মাদারগঞ্জ মডেল থানা, জামালপুর
মাদারগঞ্জ মডেল থানা, জামালপুর |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গুনারীতলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের গলায় ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পরিবার।

নিহত গৃহবধূ ইসমত আরা (২২) মাদারগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালিজুড়ী নামাপাড়া এলাকার এনছ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইসমত আরার একটি সাত বছর বয়সী ছেলেসন্তান রয়েছে। বর্তমানে তিনি ছয় মাসের গর্ভবর্তী ছিলেন।

নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি তার গলায় দাগ রয়েছে। গলায় চাপ দিয়ে হোক কিংবা ফাঁস দিয়ে হোক, তাকে হত্যা করা হয়েছে।

নিহতের মা খোশেদা বেগম বলেন, আমাদের ফোন করে বলা হয়, ইসমত আরা অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি আমার মেয়ে মৃত। গতকালও তার সাথে কথা হয়েছে। এক আত্মীয়ের মৃত্যুতে আমাদের বাড়িতে আসাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

নিহতের পরিবার জানিয়েছে, এ ঘটনায় তারা থানায় মামলা করবেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বিষয়টি পুলিশকে জানানো হয়নি, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ওড়না জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।