বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের আরো, সচেতন ও সক্রিয় হতে হবে। ইসলামী আন্দোলনের আদর্শ, কর্মসূচি ও সমাজকল্যাণমূলক কার্যক্রম দায়িত্বশীলতার সাথে গণমানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
তিনি জনশক্তিদের পেশাদারিত্ব এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে দতা বৃদ্ধির আহ্বান জানান।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে নীলফামারী মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নীলফামারী জেলা জামায়াত অফিসের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম। মতবিনিময় সভায় প্রচার ও মিডিয়া বিভাগের জেলা, উপজেলার ও শহর শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
শেষে প্রচার ও মিডিয়া বিভাগের কার্যক্রম আরো গতিশীল ও যুগোপযোগী করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।



