তরুণ প্রজন্মকে ভূমি বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী আয়োজন

নিছক প্রতিযোগিতা নয়, নাগরিক সচেতনতা গড়ার এক প্রশংসনীয় সামাজিক উদ্যোগ হিসেবে অনুষ্ঠানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তরুণ প্রজন্মের মাঝে ভূমি বিষয়ক জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দিতে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে
তরুণ প্রজন্মের মাঝে ভূমি বিষয়ক জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দিতে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় তরুণ প্রজন্মের মাঝে ভূমি বিষয়ক জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দিতে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (১৯ মে) টংগিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সকাল ৯টায় টংগিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে একক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে দলীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভূমি ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের মেধার তীব্র লড়াই প্রতিযোগিতাটিকে প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: ওয়াজেদ ওয়াসীফ। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়ের সাইফা ইসরাত সারিতা। দ্বিতীয় হয় কাঠাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইভা আক্তার এবং তৃতীয় স্থান লাভ করে পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অর্ণব দত্ত নীল।

দলীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করে সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং যৌথভাবে তৃতীয় হয় বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের ভূমি বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করতে হবে। এ ধরনের প্রতিযোগিতা তাদের চিন্তাশক্তির বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরো উল্লেখ করেন, ভূমি শুধু সম্পদ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যতের ভিত্তি। জমি কেনাবেচা, রেজিস্ট্রেশন, নামজারি, উত্তরাধিকার ও কর প্রদানের ক্ষেত্রে সঠিক জ্ঞানের অভাবে সাধারণ মানুষ প্রায়ই হয়রানি ও প্রতারণার শিকার হন। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে ভূমি সচেতনতা ছড়িয়ে দিতে এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

ডিজিটাল ভূমিসেবা চালু থাকলেও তথ্যের অভাবে অনেকে সঠিক সেবা নিতে পারছেন না মর্মে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। বিদ্যালয়ভিত্তিক এ প্রশিক্ষণ ভবিষ্যৎ প্রজন্মকে ভূমি সংক্রান্ত হয়রানি থেকে মুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা অভিমত দেন।

আয়োজক সূত্র জানায়, ভূমি সেবা মেলার অংশ হিসেবে উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫০ জন শিক্ষার্থীর মাঝে ভূমি বিষয়ক তথ্যসম্বলিত পুস্তিকা বিতরণ করা হয়। গত ১৭ মে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও প্রাথমিক কুইজে বাছাইকৃতরা ১৯ মে’র ফাইনাল পর্বে অংশ নেয়। এবারের আয়োজনে একক কুইজে প্রায় ৪০০ এবং দলীয় পর্যায়ে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিদ্বন্দ্বিতা করে।

নিছক প্রতিযোগিতা নয়, নাগরিক সচেতনতা গড়ার এক প্রশংসনীয় সামাজিক উদ্যোগ হিসেবে অনুষ্ঠানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।