চট্টগ্রামের মিরসরাই পৌরসভা আধুনিকায়নের লক্ষ্যে সারাদেশে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ সরকার ও ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ উদ্যোগে মিরসরাই পৌরসভার হলরুমে এ কর্মশালা শুরু হয়।
পৌরসভায় সূত্রে জানা গেছে, এটি বাস্তবায়ন হলে জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক ২০২৪ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ছয় বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। সারাদেশে এই প্রকল্পের মোট প্রাঙ্কলিত ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৯০১ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের কাউন্টারপার্ট ফান্ডিং অনুদান এক হাজার ৬৪১ কোটি টাকা।
এর আগে, প্রকল্পটি ২০১৪ সালের ২১ জুনে বিশ্ব ব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টরসের সভায় অনুমোদিত হয় এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ২০২৪ সালের ৭ অক্টোবর প্রকল্পটি অনুমোদিত হয়।
মিরসরাই পৌরসভার প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায় বলেন, ‘আরইউটিডিপি প্রকল্পের অধীনে পৌরসভায় ২০ কোটি টাকা ব্যয়ে আটটি রাস্তার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে আরো কাজ করা হবে। প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো, নির্বাচিত ক্লাস্টারে অবস্থিত পৌরসভার জলবায়ু সহনশীল নগর অবকাঠামো ও পরিষেবাগুলোর পরিধি বৃদ্ধি করা, নির্বাচিত স্থানগুলোর ব্যবস্থাপনার দক্ষতা জোরদার করা, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর পরিষেবা বৃদ্ধি করা, নগরগুলোর সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন, নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা, পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর এবং টেকসইভাবে সম্পাদনের লক্ষ্যে পৌরসভার প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।’
মিরসরাই পৌরসভার প্রশাসক আলাউদ্দিন কাদেরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন (আরইউটিডিপি) নগর পরিকল্পনাবিদ মো: আবদুর রকিব খান, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো: জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, আহসান ইসলাম, মিরসরাই পৌরসভা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম, প্রকৌশলী প্রদীপ চন্দ্র রয়, মিরসরাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলম কমিশনার, সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্যসচিব জাহিদ হুসাইন, প্রকৌশলী সানিম আরেফিন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামসহ টিএলসিসি সদস্যরা।



