বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, দলীয়করণ, খুন ও ধর্ষণের বিচারহীনতার কারণে সরকার জনআস্থা হারিয়েছে।
শুক্রবার (২২ মে) নগরীর একটি কনফারেন্স রুমে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী ও জেলার উদ্যোগে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘তারা দেশের বিভিন্ন খাতে দলীয়করণ করেছে। দুর্নীতি ও চাঁদাবাজির কারণে জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। খুন-ধর্ষণের মতো ঘটনাগুলোরও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারেনি সরকার।’
একইসাথে তিনি অভিযোগ করেন, সরকার ভারতের প্রণীত আইন বাংলাদেশের বাস্তবতায় বাস্তবায়নের চেষ্টা করছে।
তিনি বলেন, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করতে পারলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য ও পরিকল্পিত কর্মপদ্ধতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি প্রতিটি এলাকায় সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল এবং জেলা সেক্রেটারি গোলাম মুর্তজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো: শাহজাহান এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি।
নুরুল ইসলাম বুলবুল বলেন, সংগঠনের ভিত্তি আরো শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিক্ষা শিবির এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমির আব্দুল খালেক, মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও ডা: মো: জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার এবং ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্সসহ অন্য নেতৃবৃন্দ।



