ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের অভিযোগ ওঠার পর এক কিশোরীর (১৩) বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় স্বজনরা লাশ ফুলপুর থানায় নিয়ে এসে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরে পুলিশের আশ্বাসে রাত সাড়ে ৮টার দিকে লাশ বাড়িতে নেয়া হয়।
এর আগে রোববার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ওই কিশোরীকে রোববার রাতে একই এলাকার রুবেল মিয়া (৩৬) ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর কিশোরী অভিযুক্তের বাড়িতে গিয়ে কীটনাশক পান করে।
অসুস্থ অবস্থায় রাত ১১টার দিকে তাকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোররাতে তার মৃত্যু হয়।
নিহতের দাদি বলেন, ‘বিষ খাওয়ার আগে আমার নাতনি জানায়, তাকে ধর্ষণ করা হয়েছে। আমরা তাকে বাঁচাতে পারিনি। আমি এ ঘটনার বিচার চাই।’
এদিকে, এত বড় ঘটনার পরও অভিযুক্ত রুবেল মিয়ার গ্রেফতার না হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত গ্রেফতার না হলে ক্ষোভ আরো বাড়তে পারে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’



