কুমিল্লায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ অভিযোগে মামলা

কুমিল্লার হোমনায় ব্যাটারিচালিত অটোরিকশাযাত্রী দম্পতির পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মামলা করেছে ভুক্তভোগী নারী।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
হোমনা থানা, কুমিল্লা
হোমনা থানা, কুমিল্লা |নয়া দিগন্ত

কুমিল্লার হোমনায় ব্যাটারিচালিত অটোরিকশাযাত্রী দম্পতির পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মামলা করেছে ভুক্তভোগী নারী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আশিকুর রহমান (২৪) নামের এক যুবককে প্রধান আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তিতাস উপজেলায় যাচ্ছিলেন। কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিকুর ও তার সাথের আরো ছয়-সাতজন সহযোগী দু’টি মোটরসাইকেল নিয়ে ওই দম্পতির পথ রোধ করে।

অভিযুক্ত যুবকেরা দম্পতিসহ অটোরিকশাটিকে একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যান। সেখানে আশিকুর ও তার দুই সহযোগী ভুক্তভোগী নারীকে আটকে রাখে ও অন্যরা তার স্বামী ও অটোরিকশা চালককে দূরে সরিয়ে নিয়ে যায়। এ সময় আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো: শহিদ উল্লাহ বলেন, ‘বুধবার দিবাগত রাত ৩টার দিকে এক নারী ও তার স্বামী হাসপাতালে এসেছিলেন। পরে তারা পুলিশের সহায়তা নেন। ওই নারীকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

ওসি টমাস বড়ুয়া বলেন, ‘ভুক্তভোগী নারী মামলা করেছেন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। প্রধান অভিযুক্ত আশিকুর রহমানসহ অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’