নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) দিনব্যাপী জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলার বিএনপি নেতা হাজী মো: গোলজার হোসেন প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
আয়োজক সূত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে জামপুর ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
একইসাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও সরকারের দায়িত্বে থাকা সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলেম-ওলামারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান ঈদুল আজহার শিক্ষা ও ত্যাগের আদর্শ সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্যের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।
তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও জামপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজী গোলজার হোসেন প্রধানের পাশে থেকে সকলকে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।
আয়োজক মো: গোলজার হোসেন প্রধান বলেন, ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেয়া এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি বরাবরের মতোই জামপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সেলিম হক রুমি, বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, জেলা যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু, রুবেল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, প্রচার সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
প্রায় ২০ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিলে জুমার নামাজের পর আগত অতিথি ও মুসল্লিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



