বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা
বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা হাটে গাভিন গরু জবাইয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিজান কসাইকে ধাওয়া দিয়ে হাট থেকে বের করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
রোববার (৮ মার্চ) সকালে শাজাহানপুর উপজেলার খরনা হাটে এ ঘটনা ঘটে।
এ অভিযুক্ত মিজান মাঝিড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহসভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটে একটি গরু জবাই করার সময় কয়েকজন ক্রেতা ও উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে অভিযোগের সত্যতা পেয়ে উত্তেজিত জনতা অভিযুক্ত মিজান কসাইকে ধাওয়া দিলে পরিস্থিতি বেগতিক দেখে তিনি সেখান থেকে দ্রুত সরে পড়েন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, গাভিন গরু জবাই করা অমানবিক ও আইনবিরোধী কাজ। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলেও দাবি জানান তারা।
এদিকে ঘটনার পর খরনা বাজার কমিটি জরুরি বৈঠক করে নতুন সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে খরনা বাজারে কোনো গাই বা বকনা গরু জবাই করা যাবে না। শুধুমাত্র ষাঁড় গরু জবাই করা যাবে। কেউ গাই বা বকনা গরু জবাই করলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে বলে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়।
এ বিষয়ে মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া অভিযুক্ত মিজানের বক্তব্যও পাওয়া যায়নি।



