নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের বিবি রোড এলাকায় এক সাংবাদিকের বাসায় দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দরজা ও ট্রাংকের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক কালবেলার সহ-সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মো. রাসেল (আদিত্য)।
অভিযোগে বলা হয়, বিবি রোডের ২৪৩ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে মাকে নিয়ে বসবাস করেন রাসেল। সোমবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তারা একটি কক্ষের দরজার হ্যাজবোল্ট ভাঙা এবং ঘরের মালামাল এলোমেলো দেখতে পান।
পরে দেখা যায়, একটি টিনের ট্রাংকের সিটকিনির কব্জা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, একটি স্মার্টফোন, প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।
সাংবাদিক মো. রাসেল জানান, রাতে সবকিছু স্বাভাবিক ছিল। সকালে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অভিযোগ গ্রহণ করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



