প্রধানমন্ত্রীর সফরের কারণে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভের তারিখ পরিবর্তন করা হয়েছে। ১১ দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভাগীয় গণমিছিল সিলেটে ২ মে তারিখের পরিবর্তে ৩ মে অনুষ্ঠিত হবে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত ১১ দলের গণমিছিলের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রস্তুতি সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলের কেন্দ্র ঘোষিত গণমিছিল প্রধানমন্ত্রীর সিলেট সফরের কারণে ২ মের পরিবর্তে ৩ মে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতাগ্রহণের মাত্র দুই মাসের মধ্যে চতুর্দিকে হাহাকার শুরু হয়েছে। আশ্চর্যজনকভাবে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। অথচ সরকার এসব জনগুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ না করে ফ্যাসিবাদের পুরোনো কালচার ফিরিয়ে আনতে ব্যস্ত।
তিনি আরো বলেন, জুলাইয়ের রক্তের উপর ক্ষমতাগ্রহণকারী সরকার জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে ফ্যাসিবাদ লালন করছে। তিনি সরকারের প্রতি বাস্তবতা অনুধাবন করে জুলাই সনদসহ ১১ দলের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। বিভক্তি বিভাজন বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় সমস্যা সমাধান আহ্বান জানান।
জামায়াতের জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের পরিচালনায় প্রস্তুতি সভা পরিচালনায় প্রস্তুতি সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক জুনেদ আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির জেলা সভাপতি মাওলানা নুরুল আমীন নিয়াজী, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, জাগপা সিলেট জেলা আহ্বায়ক রাসেল আহমদ, ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিম সভাপতি আবু যোবায়ের, জাতীয় নাগরিক পার্টি জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, লেবার পার্টির জেলা সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান খান, জাগপার মহানগর সাধারণ সম্পাদক ইমাম হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ফয়জুল ইসলাম ও আব্দুল কাইয়ুম বক্তব্য রাখেন।



