নেত্রকোনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ৩

শনিবার রাত ৯টার দিকে তেরী বাজার এলাকায় মাদকাসক্ত নূর মোহাম্মদ কেলিসের পথরোধ করে কোনো এক তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা শুরু করে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
ছুরিকাঘাতে যুবককে হত্যা
ছুরিকাঘাতে যুবককে হত্যা |প্রতীকী ছবি

নেত্রকোনার সীমান্তবর্তী সুসং দুর্গাপুরে ওয়াহিদুল ইসলাম কেলিস (৩৭) নামে এক যুবককে ছুরিকাঘাকে হত্যা করা হয়েছে। নূর মোহাম্মদ নামে এক মাদকাসক্ত যুবক তাকে হত্যা করেন।

শনিবার (২ মে) রাতে দুর্গাপুর সদর তেরীবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কেলিস ওই এলাকার আব্দুল মৃধার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে তেরী বাজার এলাকায় মাদকাসক্ত নূর মোহাম্মদ কেলিসের পথরোধ করে কোনো এক তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে নূর মোহাম্মদ তার সাথে আনা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে চিৎকার দিয়ে কেলিস মাটিতে লটিয়ে পড়ে কাতরাতে থাকেন। এ সময় আশপাশের লোকজন আসার সাথে সাথে ঘাতক নূর মোহাম্মদ পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কেলিসকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘাতক নূর মোহাম্মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের জানান, পুলিশ অভিযান চালিয়ে ঘাতকসহ তিন ব্যক্তিকে আটক করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।