অ্যাডভকেট জুবায়ের

ইসলামী মূল্যবোধের আলোকে যুব সমাজকে গড়ে তুলতে হবে

‘দেশের যুব সমাজের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। দেশ রক্ষা ও সমাজ গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল
বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘ইসলামী মূল্যবোধের আলোকে যুব সমাজকে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে সচেতন ও দায়িত্বশীল যুব নেতৃত্ব গড়ে তোলা জরুরি।’

তিনি বলেন, ‘দেশের যুব সমাজের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। দেশ রক্ষা ও সমাজ গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

শনিবার (২ মে) নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর যুব বিভাগের উদ্যোগে যুব ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নৈতিকতা ও ইসলামী আদর্শে উজ্জীবিত যুবকরাই দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। এজন্য যুব সমাজকে সংগঠিত হয়ে মানবিক, নৈতিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানাচ্ছি।’

রাজশাহী মহানগরী জামায়াতের যুব সেক্রেটারি সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মতিহার থানা যুব বিভাগের সভাপতি আফজাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার।

এর আগে, অনুষ্ঠানের শুরুতে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি রুহুল আমিন দারস পেশ করেন।

সমাবেশে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের যুব ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।