সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা
হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা |নয়া দিগন্ত

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। এর মধ্যে চারজনের হাম নিশ্চিত হওয়া গেছে। বাকি ৩৮ শিশুর হাম উপসর্গে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হাফিজুর রহমান মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন করে কারো শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৮৯ শিশু। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৬ শিশু।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২১ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের ১৬ (দু’জন রুবেলা), মৌলভীবাজারের ১৬, সুনামগঞ্জের ৮৪ ও সিলেটের ৪২ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৮৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০, নর্থ ইস্ট হাসপাতালে এক, রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, আল হারামাইন হাসপাতালে দুই, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচ, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশু ভর্তি হয়েছে।

এদিকে বর্তমানে বিভাগে চিকিৎসাধীন ২৮০ জন সন্দেহজনক রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৯, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৯, উইমেন্স মেডিক্যাল হাসপাতালে দুই, লায়ন্স শিশু হাসপাতালে সাত, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, আল হারামাইন হাসপাতালে দুই, মাউন্ট এডোরা হাসপাতালে তিন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৮, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ শিশু ভর্তি রয়েছে।