ময়মনসিংহের ধোবাউড়ায় দুলাল খা (৫৭) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) সকাল ৭টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত দুলাল খা একই এলাকার মরহুম মোকাররম খার ছেলে। তিনি পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে দুলাল খা বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, কাজের চাপের কারণে তিনি হয়তো বাইরে ছিলেন। তবে সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি পুকুরপাড়ে গলাকাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।



