ময়মনসিংহ নগরে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রোববার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে নগর ভবনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান।
এই টিকাদান কার্যক্রম কেবল একটি স্বাস্থ্যসেবা উদ্যোগই নয়; বরং নগর ব্যবস্থাপনায় সক্রিয় নেতৃত্বের প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। ৫৮ হাজার ৬৬৮ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করে ৩৩টি ওয়ার্ডে ৭০টি কেন্দ্র স্থাপন এবং দলভিত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিকল্পিত বাস্তবায়নের দৃষ্টান্ত স্থাপন করেছে সিটি করপোরেশন।
প্রশাসক মো: রুকুনোজ্জামানের নির্দেশনায় টিকাদান কেন্দ্র স্থাপনের পাশাপাশি নগরজুড়ে মাইকিং, মসজিদভিত্তিক প্রচারণা, বিশেষ করে জুমার নামাজের পর সচেতনতামূলক আহ্বান সব মিলিয়ে একটি সমন্বিত জনসচেতনতা কর্মসূচিও চালানো হয়েছে। ফলে সাধারণ অভিভাবকদের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে এবং কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, এমন উদ্যোগ সময়োপযোগী না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত। ইতোমধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রতিদিনই নতুন করে শিশু আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। এই প্রেক্ষাপটে দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করাকে ‘প্রতিরোধমূলক বড় পদক্ষেপ’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রশাসক রুকুনোজ্জামান বলেন, ‘নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরে কোনো শিশু বাদ পড়বে না— এমন অঙ্গীকার নিয়েই কাজ করছে সিটি করপোরেশন। হাম একটি জাতীয় সমস্যা। টিকাদানের মাধ্যমেই এর প্রতিরোধ সম্ভব। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নগরের প্রতিটি শিশুকে সুরক্ষার আওতায় আনতে।’



