মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন গিয়াস হাওলাদার। পথিমধ্যে কুয়ালালামপুর শহরে পৌঁছালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
নিহত গিয়াস হাওলাদারের গ্রামের বাড়ি
নিহত গিয়াস হাওলাদারের গ্রামের বাড়ি |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা গিয়াস হাওলাদার (৩৫) মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে গিয়াস হাওলাদারের লাশ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

নিহত গিয়াস হাওলাদার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের মরহুম আব্দুল ওহাব হাওলাদারের ছেলে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে গিয়াস হাওলাদার সবার ছোট।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার মৃত্যুর খবর পায় পরিবার।

জানা গেছে, নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন গিয়াস হাওলাদার। পথিমধ্যে কুয়ালালামপুর শহরে পৌঁছালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, গিয়াস হাওলাদার জীবিকার তাগিদে গত ১০ বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে তিনি একটি বস্ত্র কারখানাও গড়েছেন। মাঝে মাঝে তিনি দেশে আসতেন। আগামী মাসে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন এবং আসার জন্য বিমানের টিকিটও ক্রয় করেছিলেন। দেশে ফিরে পারিবারিকভাবে তার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার কথা ছিল।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে যদি সহযোগিতা চাওয়া হয় তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’