চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উল্টো পথে আসা মালবাহী একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় বিলকিছ বেগম (৬৩) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে বড়উঠান রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিলকিছ বেগম ফাঁজিলহাট এলাকার মোহন চৌধুরী বাড়ির নুরুল ইসলামের স্ত্রী। তিনি ৫ ছেলে ও ১ কন্যাসন্তানের জননী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর এক ব্যক্তির জানাজার নামাজ আদায়ের জন্য রাস্তার একপাশ বন্ধ রাখা হয়েছিল। এতে অপর পাশ দিয়ে যানবাহন চলাচল করছিল। এ সময় উল্টো পথে আসা একটি বালুবোঝাই দ্রুতগতির ট্রাক বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মো: হারুন বলেন, ‘আমাদের বাড়ি রাস্তার পাশেই। আমার মা রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা ট্রাকটি আটক করে থানায় দিয়েছে। আমরা লাশ নিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছি।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমাদের ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।



