তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি জামবাক গ্রামের জামবাক মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকগণ উপস্থিত থেকে উদ্যোক্তাদের সাথে একমত পোষণ করেন।
মোল্লাপাড়া গ্রামের প্রবীণ শিক্ষক নুরুল হক মাস্টারের সভাপতিত্বে ও ফারুক মিয়ার পরিচালনায় সমাবেশে বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল উদ্দিন, তরুণ সমাজকর্মী মো: সাজ্জাদ, যাদুকাটা শ্রমিক সংঘের সভাপতি শাহেদ মিয়া, সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, জামবাক গ্রামের প্রবীণ মস্তু মিয়া, মোস্তাক আহমেদ, জুবায়ের তালুকদার, শাহ মান্না প্রমুখ বক্তব্য রাখেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক প্রতিহত করে একটি সুন্দর মাদকমুক্ত সমাজ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মাদক কারবারি যেই হোক না কেন তাদেরকে আইনের হাতে তুলে দেয়া হবে। তারা যুব সমাজকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এবং এ বিষয়ে সব সময় সতর্ক থাকার পরামর্শ দেন।



