কুড়িগ্রামে পানিতে ডুবে ২ শিশুশিক্ষার্থীর মৃত্যু

বিকেলে একসাথে খেলতে বের হয় লুশি ও আরশী। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
দুই শিশুর মৃত্যুর খবরে তাদের বাড়িতে স্থানীয়দের ভিড়
দুই শিশুর মৃত্যুর খবরে তাদের বাড়িতে স্থানীয়দের ভিড় |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নালার পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি নালা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে মোসা: লুশি খাতুন (৯) ও বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে মোসা: আরশী (৮)। তারা দুইজনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকেলে একসাথে খেলতে বের হয় লুশি ও আরশী। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজার পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে রাত ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি নালায় দুই শিশুর লাশ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা নালায় পড়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।