সৌদি আরবে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে সোবাহান খাঁ নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) তার মৃত্যুর খবর জানতে পারে পরিবারের লোকজন। এর আগে, শনিবার (১১ এপ্রিল) রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোবাহান খাঁ মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউসুফ খাঁর ছেলে।
জানা যায়, সোবাহানের পরিবার মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার সংসারে পাঁচ ছেলে-মেয়ে ও স্ত্রী রয়েছে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, ধার-দেনা করে ডাসার উপজেলার দালাল নান্নুর মাধ্যমে প্রায় ছয় লাখ টাকা খরচ করে গত বছরের ১৯ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান সোবাহান। গত ৭ এপ্রিল সৌদির রাজধানী রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ২৯ বছর বয়সী ওই যুবক।
কাজ চলাকালীন সময় অসাবধানতাবশত নির্মাণাধীন লিফটের মধ্যে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।



