বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বন্ধ থাকা রাজশাহী-ঢাকা রুটের সকল দূরপাল্লার বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে ও মালিক সমিতির দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে বাস চলাচলের এই সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, বুধবার দুপুর ২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক জরুরি বৈঠকে বসেন নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির নেতারা। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে উদ্ভূত পরিস্থিতি নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, মূলত রাজশাহী ও নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। উদ্ভূত পরিস্থিতি নিরসনে আমরা দ্রুত প্রশাসনের সাথে বৈঠকে বসি। বৈঠকে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আমরা সমস্যার সমাধান করেছি এবং বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছি।
সমঝোতা বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি ও রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।



