ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত দুই দিনে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ও আজ শনিবার দুপুর পর্যন্ত নতুন করে আরো ৪৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৩ শিশু।
হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম মাওলা জানান, মারা যাওয়া দুই শিশুর একজন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ১০ মাস বয়সী এবং অন্যজন জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচ মাস বয়সী। তারা উভয়েই হাম ছাড়াও নিউমোনিয়া ও হৃদ্যন্ত্র জনিত জটিলতায় ভুগছিল।
তিনি আরো জানান, গত ১৭ মার্চ থেকে ২ মে সকাল পর্যন্ত মোট ১ হাজার ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ফেব্রুয়ারি থেকে বিচ্ছিন্নভাবে হাম রোগী ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর চাপ হঠাৎ বেড়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় নতুন ভবনের অষ্টম তলায় আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ‘চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সাথে শিশুদের চিকিৎসা দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে।’



